| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ দলে সুযোগের খবর শুনে কয়েক ঘণ্টা কেঁদেছেন নেইমার

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৬:১১:২১:অপরাহ্ন  |  ২৪৩২ বার পঠিত
বিশ্বকাপ দলে সুযোগের খবর শুনে কয়েক ঘণ্টা কেঁদেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অপেক্ষা, কঠিন পুনর্বাসন আর অনিশ্চয়তায় ভরা সময় পেরিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া এই ফরোয়ার্ড বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দে কয়েক ঘণ্টা কেঁদেছেন বলেও জানিয়েছেন তিনি।

চোট ও ফিটনেস সমস্যার কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ফলে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল প্রবল। তবে শেষ পর্যন্ত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার ওপর আস্থা রাখেন এবং বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন।

দল ঘোষণার সময়কার একটি আবেগঘন মুহূর্ত ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে স্ক্রিনের সামনে বসে দল ঘোষণার অপেক্ষায় ছিলেন নেইমার। নিজের নাম ঘোষণার পর দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সেই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

ভিডিওতে দেখা যায়, নাম ঘোষণার পরই তিনি ছুটে গিয়ে নিজের ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি ও ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরেন। চোট থেকে ফিরে আসার পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের।

পরে সতীর্থ ও ক্লাব স্টাফদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। মাঠে ও মাঠের বাইরে যারা আমার শরীর, নিরাপত্তা ও খাবারের খেয়াল রেখেছেন এই অর্জন তাদেরও।

দীর্ঘ পুনর্বাসনের কষ্টের কথা স্মরণ করে তিনি বলেন, আমি কয়েক ঘণ্টা ধরে কেঁদেছি। এখানে ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। যখন আমার নাম ঘোষণা করা হলো, তখন মনে হয়েছে সব কষ্ট ও পরিশ্রম সার্থক হয়েছে।

৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৭৯টি গোল করেছেন। এর মধ্য দিয়ে তিনি ব্রাজিল কিংবদন্তি পেলে-এর গোলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন। সবকিছু ঠিক থাকলে এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ আসর।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেইমার। তিনি বলেন, সবসময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ। পুরো ক্যারিয়ারজুড়ে এই সমর্থন পেয়েছি। ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ।

জানা গেছে, বিশ্বকাপের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে আগামী ২৭ মে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ জুন দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে এবং ৬ জুন মিশরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪