স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো লিগ শিরোপা জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া গোলে শেষ ম্যাচে দামাককে ৪-১ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর।
শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আল নাসরের। সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের অভিজ্ঞতা আর গোল করার ক্ষমতা দেখালেন রোনালদো।
ম্যাচের ৩৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। পরে দামাক একটি গোল শোধ করলে কিছুটা চাপে পড়ে যায় দলটি।
তবে ৬৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেন রোনালদো। এরপর ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে শিরোপা নিশ্চিত করেন তিনি।
২০২২ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই প্রথম বড় ঘরোয়া শিরোপা জিতলেন পর্তুগিজ মহাতারকা। এর আগে আল নাসর তার সময়ে কয়েকটি ফাইনাল হারলেও এবার আর হতাশ হতে হয়নি।
জোড়া গোলের মাধ্যমে ক্যারিয়ারের গোলসংখ্যাও ৯৭৩-এ নিয়ে গেছেন রোনালদো। এখন ফুটবল ইতিহাসে ১০০০ গোলের স্বপ্ন ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৭ গোল।
রিপোর্টার্স২৪/ ঝুম