| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ফিরছেন বিশ্বজয়ী ১৭ তারকা

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১১:৩১:৪০:পূর্বাহ্ন  |  ৪০০৩ বার পঠিত
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ফিরছেন বিশ্বজয়ী ১৭ তারকা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মঞ্চে আবারও লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ তারকাকেই রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ বিশ্বজয়ী দলের ১৭ সদস্য জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে।

তবে নানা গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার এই তারকা, যিনি কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করে দলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। যদিও ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার।

এবারের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও জায়গা পেয়েছেন, যাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বে দেখা হচ্ছে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা। এছাড়া আলোচনায় থাকা রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি স্কোয়াডে।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪