| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে দামি দলের তালিকা, সেরা পাঁচেও নেই ব্রাজিল-আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৪:৩৮:০৯:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
বিশ্বকাপে দামি দলের তালিকা, সেরা পাঁচেও নেই ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: সপ্তাহখানেক বাদেই পর্দা উঠছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড। যেখানে চর্চা হচ্ছে আসরের সবচেয়ে দামি স্কোয়াডগুলো নিয়ে। বিশেষ করে, বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

তালিকায় লিওনেল মেসি ও নেইমারদের দেশ থাকলেও তাদের জায়গা হয়নি সেরা পাঁচে। ইউরোপের শক্তিধর দলগুলোর আধিপত্যে পিছিয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তি। আর সবচেয়ে দামি দল হিসেবে সবার ওপরে উঠে এসেছে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলারদের বাজারমূল্য হিসাব করে প্রকাশ করা হয়েছে সবচেয়ে মূল্যবান স্কোয়াডের তালিকা। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারের স্কোয়াড নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। দলটির ছয়জন খেলোয়াড়ের বাজারমূল্যই ১০০ মিলিয়ন ডলারের বেশি। সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে। তার বাজারমূল্য ধরা হয়েছে ২৩২.৬০ মিলিয়ন ডলার। এছাড়া মাইকেল ওলিস, দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও উইলিয়াম সালিবাদের মতো তারকারা ফ্রান্সকে তালিকার শীর্ষে তুলতে বড় ভূমিকা রেখেছেন।

দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তাদের স্কোয়াডের মোট মূল্য প্রায় ১.৫২ বিলিয়ন ডলার। জুড বেলিংহ্যাম (১৬২.৮২ মিলিয়ন ডলার), ডেক্লান রাইস (১৩৯.৫৬ মিলিয়ন ডলার) ও বুকায়ো সাকাদের (১২৭.৯৩ মিলিয়ন ডলার) নিয়ে গড়া দলটি এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেও বিবেচিত হচ্ছে।

তৃতীয় স্থানে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। প্রায় ১.৪৭ বিলিয়ন ডলারের এই স্কোয়াডের সবচেয়ে বড় আকর্ষণ তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তার একার বাজারমূল্যই ২৩২.৬০ মিলিয়ন ডলার। সঙ্গে আছেন পেদ্রি (১৭৪.৪৫ মিলিয়ন ডলার) ও পাউ কুবার্সি (৯৩.০৪ মিলিয়ন ডলার)।

চতুর্থ স্থানে আছে পর্তুগাল। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো এখনও দলের সবচেয়ে বড় নাম, তবে বাজারমূল্যে তাকে ছাড়িয়ে গেছেন ভিতিনিয়া ও জোয়াও নেভেস। রোনালদোর বাজারমূল্য যেখানে মাত্র ১৩.৯৬ মিলিয়ন ডলার, সেখানে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের মূল্য ১৬২.৮২ মিলিয়ন ডলার করে। পর্তুগালের মোট স্কোয়াড মূল্য প্রায় ১.১৯ বিলিয়ন ডলার।

পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। জামাল মুসিয়ালা (১১৬.৩ মিলিয়ন ডলার) ও ফ্লোরিয়ান উইর্টজদের (১১৬.৩ মিলিয়ন ডলার) নেতৃত্বে জার্মান স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.১৬ বিলিয়ন ডলার।

সেরা পাঁচের বাইরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১.০৬ বিলিয়ন ডলারের স্কোয়াড নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। দলটির সবচেয়ে মূল্যবান তারকা ভিনিসিউস জুনিয়র। তার বাজারমূল্য ১৭৪.৪৫ মিলিয়ন ডলার। এছাড়া রাফিনিয়া (৯৩.০৪ মিলিয়ন ডলার), ব্রুনো গিমারেস ও ম্যাথিউস কুনহারাও বড় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে অষ্টম স্থানে। তাদের স্কোয়াডের মোট মূল্য প্রায় ৯৫০.৭৬ মিলিয়ন ডলার। বয়সের ভারে লিওনেল মেসির বাজারমূল্য কমলেও দলের বড় ভরসা এখন হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। মেসির বর্তমান বাজারমূল্য ১৭.৪৫ মিলিয়ন ডলার। আলভারেজ ও এনজোর বাজারমূল্য ১০৪.৬৭ মিলিয়ন ডলার করে

এদিকে সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং নবম স্থানে জায়গা পেয়েছে নরওয়ে। আর্লিং হলান্ডের বিশাল বাজারমূল্য নরওয়েকে শীর্ষ দশে তুলতে বড় ভূমিকা রেখেছে।

অল্পের জন্য দশম স্থানে জায়গা পায়নি আইভোরি কোস্ট। তাদের তুলনায় ১৪ মিলিয়ন ডলার এগিয়ে থেকে জায়গাটি দখলে নিয়েছে বেলজিয়াম। এক সময়ের সোনালি প্রজন্মের শেষ অধ্যায়ে থাকা দলটির নেতৃত্বে এখন জেরেমি ডকু।

এক নজরে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ স্কোয়াড

১. ফ্রান্স: ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার (২১ হাজার ৮৪৫ কোটি ৩৫ লাখ ২৬ হাজার টাকা প্রায়)

২. ইংল্যান্ড: ১.৫২ বিলিয়ন ডলার (১৮ হাজার ৬৫৪ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা প্রায়)

৩. স্পেন:১.৪৭ বিলিয়ন ডলার (১৮ হাজার ৪০ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা প্রায়)

৪. পর্তুগাল:১.১৯ বিলিয়ন ডলার (১৪ হাজার ৬০৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকা প্রায়)

৫. জার্মানি:১.১৬ বিলিয়ন ডলার (১৪ হাজার ২৩৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা প্রায়)

৬. ব্রাজিল:১.০৬ বিলিয়ন ডলার (১৩ হাজার নয় কোটি তিন লাখ দুই হাজার টাকা প্রায়)

৭. নেদারল্যান্ডস:৯৭৩.৬৮ মিলিয়ন ডলার (১১ হাজার ৯৪৯ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা প্রায়)

৮. আর্জেন্টিনা:৯৫০.৭৬ মিলিয়ন ডলার (১১ হাজার ৬৬৮ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকা প্রায়)

৯. নরওয়ে:৬৯৮.৯৭ মিলিয়ন ডলার ( ৮ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার টাকা প্রায়)

১০. বেলজিয়াম:৬৩১.৪ মিলিয়ন ডলার (৭ হাজার ৭৪৮ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকা প্রায়)


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪