স্পোর্টস ডেস্ক: ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে হামজা চৌধুরী-তপু বর্মণরা।
শুক্রবার (৫ জুন) রাতে সেরাভাল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। ম্যাচের ১৯ ও ৮৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের দায়িত্বে নিজের অভিষেক ম্যাচটি রাঙিয়ে রাখলেন নতুন কোচ টমাস ডুলি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তপু বর্মণ।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৩১ মিনিটে ফিলিপ্পো বেরার্দির পাস থেকে গোল করে সান মারিনোকে সমতায় ফেরান ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ শানায়। ৫৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, ৬১ মিনিটে লরেঞ্জো কাপিক্কিওনির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৮৬ মিনিটে হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে সৃষ্ট জটলায় বিশ্বনাথ ঘোষের শট থেকে বলের গতিপথ বদলে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তপু বর্মণ। বাংলাদেশের জার্সিতে এটি তার অষ্টম গোল।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সেরাভাল্লে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ।