| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি: মেসি

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ২০:২৭:৩৯:অপরাহ্ন  |  ২৪৩০ বার পঠিত
আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি: মেসি

স্পোর্টস ডেস্ক: শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চে আসল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবার পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আক্রমণ ও ড্রিবলিংয়ের পসরা সাজিয়ে কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করলেও শেষপর্যন্ত বড় ব্যবধানে জিতেছেন লিওনেল মেসিরা। বিশ্বজয়ীদের লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা, এজন্য সর্বস্ব দিতে প্রস্তুত মেসিবাহিনী।

আর্জেন্টিনা অধিনায়ক বুধবার মাঠে ফিরেছেন চোট-বিশ্রাম শেষে। আলাবামার অবার্নে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনি বদলি নেমে পেনাল্টি থেকে গোল করেন। এরপর বলেছেন বিশ্বকাপ নিয়ে।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামার আগে মেসি বলেছেন, ‘শুরু থেকেই এই জিনিসটা উপভোগ করছি। আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত।’

৩৬ বছর পর কাতারে মরুর বুকে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছেন মেসি। সবশেষ বিশ্বকাপের মতো এবারও নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত আর্জেন্টিনা। মেসি বলেছেন, ‘আমাদের সাথে যা কিছু ঘটছে, এই দলটি তার যোগ্য। আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন আমরা সবসময় দিয়ে এসেছি এবং এতদিন ধরে করে আসছি। যখনই জাতীয় দলের অংশ ছিলাম, সবসময় যেমন করতাম। কখনও কখনও তা সফল হয়, কখনও হয় না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফলাফল পাওয়ার মতো যথেষ্ট ভাগ্যবান ছিলাম।’

মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন‍্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪