| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ইতিহাসে যৌথ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ০৩:৪৩:০৯:পূর্বাহ্ন  |  ২৭২২ বার পঠিত
বিশ্বকাপ ইতিহাসে যৌথ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ও জাতীয় দলের গোলসংখ্যায় গড়েছেন দুটি বড় রেকর্ড।

সেনেগালের বিপক্ষে করা দুই গোলে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি জার্ড মুলারের সমান গোল করে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইনকে।

মাত্র ২৭ বছর বয়সে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেই এমবাপে এখন সর্বকালের সেরা দুই গোলদাতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার সামনে রয়েছেন শুধু ব্রাজিলের রোনালদো নাজারিও, যার বিশ্বকাপ গোল ১৫টি এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসে, যার দখলে রয়েছে ১৬ গোলের বিশ্বরেকর্ড।

বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে ফরাসি অধিনায়কের সামনে।

শুধু বিশ্বকাপেই নয়, সেনেগালের বিপক্ষে গোল করে ফ্রান্সের ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন এমবাপে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফ্রান্সের হয়ে নিজের ৫৮তম গোল করে জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন।

এর আগে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল অলিভিয়ে জিরুর দখলে। এছাড়া জাস্ট ফন্টেইন, মিশেল প্লাতিনি, জ্যাঁ-পিয়েরে পাপাঁ এবং থিয়েরি অঁরির মতো কিংবদন্তিদেরও গোলসংখ্যা পেছনে ফেলেছেন এমবাপে।

মাত্র ৯৯ ম্যাচে ৫৮ গোল করে এই কীর্তি গড়েছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে ১৪ গোল নিয়ে এখন তিনি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে অবস্থান করছেন।

কঠিন এক ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি আরও একবার প্রমাণ করলেন, কেন কিলিয়ান এমবাপেকে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪