| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিএসসিতে উৎসবের আমেজ, ভোর থেকেই সমর্থকদের ঢল

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ০৮:১৫:৪০:পূর্বাহ্ন  |  ৬৩৭৮ বার পঠিত
টিএসসিতে উৎসবের আমেজ, ভোর থেকেই সমর্থকদের ঢল

স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

সরেজমিনে দেখা যায়, আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে টিএসসিতে হাজির হয়েছেন মেসিভক্তরা। বাঁশি, ঢোল ও নানা বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও গান বিশ্বকাপের আবহ ছড়িয়ে দেয় চারপাশে।

অনেক সমর্থক জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাই প্রিয় দলের খেলা বড় পর্দায় একসঙ্গে উপভোগ করতে কেউ কেউ রাত থেকেই টিএসসি এলাকায় অবস্থান নেন। তাদের প্রত্যাশা, দুর্দান্ত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা সমর্থক সজিব বলেন, বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই বড় জয় দেখতে চাই। মেসি ও তার দল আমাদের হতাশ করবে না বলে বিশ্বাস করি।

আরেক সমর্থক রিচি বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনা। আজ মেসির দল জিতবে, আবারও বিশ্বকাপ জিতবে। পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে এসেছি। সবাই মিলে আনন্দ করছি।

তবে শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, টিএসসি এলাকায় উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তারা আলজেরিয়ার প্রতি সমর্থন জানান। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাস্যরসপূর্ণ তর্ক-বিতর্ক ও খুনসুটির দৃশ্যও দেখা যায়।

ব্রাজিল সমর্থক ফাহিম বলেন, আমরা চাই আলজেরিয়া চমক দেখাক। ফুটবলে যে কোনো কিছুই সম্ভব।

তবে সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সামগ্রিকভাবে পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। টিএসসি চত্বরে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। চারদিকে আকাশী-সাদা জার্সির সমারোহই ছিল চোখে পড়ার মতো।

বিশ্বকাপের উন্মাদনায় ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যে আবহ তৈরি হয়েছে, তা যেন আরেকবার প্রমাণ করে—বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪