| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষার্থীদের কথা ভেবে বড় পর্দায় ম্যাচ নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০০:৩৩:১৪:পূর্বাহ্ন  |  ১১২৫ বার পঠিত
পরীক্ষার্থীদের কথা ভেবে বড় পর্দায় ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় তুরস্কজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর আর কোনো আসরে খেলার সুযোগ পায়নি ইউরোপ-এশিয়ার এই দেশটি। এবার তরুণ তারকা আর্দা গুলারের নেতৃত্বে ভালো কিছু করার প্রত্যাশা করছেন সমর্থকরা।

তবে বিশ্বকাপের আবহের মধ্যেই সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ জারি করেছে তুরস্ক সরকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য দেশজুড়ে বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শব্দদূষণ ও যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের ৮১টি প্রদেশে নির্দেশনাসহ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে বিভিন্ন স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তুরস্কের গ্রুপ পর্বের ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছিল। প্রথম ম্যাচটি অনেক জায়গায় বড় পর্দায় দেখানো হলেও নতুন নির্দেশনার কারণে প্যারাগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ আর এভাবে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না।

তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ইতোমধ্যে চাপে রয়েছে তুরস্ক। ফলে শেষ ষোলোতে যাওয়ার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় রাস্তাঘাটে মানুষের চলাচলে বিঘ্ন, অতিরিক্ত শব্দ এবং যানজট এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির উচ্চশিক্ষায় ভর্তির জন্য অনুষ্ঠিত ওয়াইকেএস (YKS) পরীক্ষা তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষা। প্রতিবছর লাখো শিক্ষার্থী এতে অংশ নেয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য এই পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪