স্পোর্টস ডেস্ক: ধর্ষণের অভিযোগে ফ্রান্সে আদালতের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার আচরাফ হাকিমি। তার বিরুদ্ধে মামলাটি খারিজ চেয়ে করা আপিল আবেদন নাকচ করে দিয়েছে ভার্সাই আপিল আদালত। ফলে মামলাটির পূর্ণাঙ্গ বিচার কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, মামলাটি বিচারিক প্রক্রিয়ায় নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান ও তথ্যপ্রমাণ রয়েছে। এর আগে তদন্তকারী বিচারকও হাকিমিকে বিচারের আওতায় আনার পক্ষে মত দিয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলেন তার আইনজীবীরা। শুক্রবার আপিল আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে।
২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগটি ২০২৩ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, প্যারিসের উপকণ্ঠে নিজের বাসভবনে তাকে ধর্ষণ করেন হাকিমি। ওই বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন মরক্কোর এই ফুটবলার।
সাম্প্রতিক আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাকিমি। তিনি বলেন, দীর্ঘ সময় তিনি নীরব থেকেছেন এবং ফরাসি বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। তার দাবি, একজন পরিচিত ও সফল ফুটবলার হওয়ার কারণেই মামলাটি এত দূর গড়িয়েছে। বিচার শুরু হলে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
হাকিমির আইনজীবী ফ্যানি কলাঁর দাবি, তদন্ত চলাকালে এমন অনেক তথ্য উঠে এসেছে, যা অন্য কোনো মামলায় হলে অভিযোগ খারিজের জন্য যথেষ্ট হতো। তার ভাষ্য, অভিযোগকারী নারীর বক্তব্যে অসংগতি রয়েছে এবং মামলাটি বিচারের পর্যায়ে নেওয়ার মতো শক্ত ভিত্তি নেই। তবে সেই যুক্তি গ্রহণ করেনি ভার্সাই আপিল আদালত।
অন্যদিকে অভিযোগকারী নারীর আইনজীবী রাশেল-ফ্লোর পার্দো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় তার মক্কেলের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে। আদালত মনে করেছে, হাকিমির বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত উপাদান রয়েছে।
এখনো মামলার শুনানি শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ফলে চূড়ান্ত রায় জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনগতভাবে হাকিমিকে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সময়ে এই আইনি সিদ্ধান্ত সামনে এলো। হাকিমি বর্তমানে মরক্কো দলের হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তিনি পুরো ৯০ মিনিট খেলেন। স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর দ্বিতীয় ম্যাচের কয়েক ঘণ্টা আগে আদালতের এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।