স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো ফুটবলারের করা ম্যাচের প্রথম গোলের বিরল কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি।
আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের ১০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে তার প্রথম গোল।
এই গোলের মাধ্যমে স্প্যানিশ এই বিস্ময়বালক স্পর্শ করেন ব্রাজিলের কিংবদন্তি পেলের একটি অনন্য রেকর্ড। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ম্যাচের প্রথম গোল করেছিলেন পেলে। দীর্ঘ ৬৮ বছর পর সেই তালিকায় যুক্ত হলো ইয়ামালের নাম।
ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। বলের দখল, দ্রুত পাসিং এবং ধারাবাহিক আক্রমণে সৌদি আরবের রক্ষণভাগকে চাপে ফেলে দেয় লা রোজা।
দ্বিতীয় গোলটি আসে একটি কর্নার থেকে। বক্সের মধ্যে তৈরি হওয়া জটলার মধ্যে দানি ওলমো বল নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার এক ফ্লিকে সামনে বাড়িয়ে দেন। সৌদি ডিফেন্ডাররা বল পরিষ্কার করতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন। সুযোগ কাজে লাগিয়ে মিকেল ওয়ারসাবাল ডান কোণ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।
এর কিছুক্ষণ পরই ব্যবধান আরও বাড়ায় স্পেন। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসা ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর হেড থেকে বল পেয়ে সামনে এগিয়ে যান ওয়ারসাবাল। নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ওয়ারসাবালের জোড়া গোল ও ইয়ামালের ইতিহাসগড়া মুহূর্তে মাত্র ২৪ মিনিটেই তিন গোলের লিড পেয়ে যায় স্পেন। সৌদি আরব ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চে স্পেনের এমন দাপুটে সূচনা তাদের শিরোপা-প্রত্যাশীদের তালিকায় আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
রিপোর্টার্স২৪/বাবি