স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলা দেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু; এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন দর্শকদের মাঝে নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া এই ছবিতে নেতানিয়াহুকে আর্জেন্টিনার জার্সি ও স্কার্ফ পরা অবস্থায় দেখা গেছে। ডালাসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থনে তিনি মাঠে উপস্থিত ছিলেন বলে ছবিতে প্রতীয়মান হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার হওয়ার পরপরই ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘লিড স্টোরিজ’ নিশ্চিত করেছে যে, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন না।
ছবিটি মূলত ডিজিটাল প্রযুক্তিতে তৈরি অথবা ম্যানিপুলেট করা হয়েছে। স্টেডিয়ামের দর্শকদের ভিড়ের মধ্যে কারসাজি করে নেতানিয়াহুর ছবি বসিয়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় তিনি সত্যিই সেখানে খেলা দেখছিলেন।
ভাইরাল হওয়া ছবিটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করার স্পষ্ট লক্ষণ দেখা গেছে। ছবির আলোর বিন্যাস এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে নেতানিয়াহুর অবয়বের অসংগতি রয়েছে, যা সাধারণত এডিট করা ছবিতে দেখা যায়।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন তারকাদের স্টেডিয়ামে খেলা দেখার এমন অনেক ভুয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এর আগে সাবেক পর্ণ তারকা মিয়া খলিফারও একটি একই ধরনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।
যাচাই-বাছাই ছাড়াই অনেক ব্যবহারকারী বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করেছেন। তবে কোনো আনুষ্ঠানিক ব্রডকাস্ট ফুটেজ বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ওই ম্যাচে নেতানিয়াহুর উপস্থিতির কোনো প্রমাণ দিতে পারেনি। মূলত বড় কোনো বৈশ্বিক ইভেন্ট চলাকালীন জনপরিচিত ব্যক্তিদের নিয়ে এমন বিভ্রান্তিকর এআই ছবি তৈরির প্রবণতা ইদানীং বেড়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব