| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জার্মানিকে হারিয়ে ইতিহাস, শেষ ষোলোয় ইকুয়েডর

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০৪:১৬:৫৮:পূর্বাহ্ন  |  ১৫৪১ বার পঠিত
জার্মানিকে হারিয়ে ইতিহাস, শেষ ষোলোয় ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল ইকুয়েডর। গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল ও টানা ১১ ম্যাচ জয়ী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য জার্মানির পক্ষেই ছিল। দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জুলিয়ান নাগেলসমানের দল। তবে পিছিয়ে পড়েও অসাধারণ লড়াইয়ে ম্যাচে ফেরে ইকুয়েডর।

অষ্টম মিনিটে জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচার ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান গনসালো আঙ্গুলো। এরপর দ্বিতীয়ার্ধে গনসালো প্লাতার গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করে ইকুয়েডর।

কর্নার থেকে ভেসে আসা বলে নিকট পোস্টে রদ্রিগেজের গায়ে লেগে বল চলে যায় প্লাতার সামনে। ক্ষিপ্র প্রতিক্রিয়ায় ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে বল জালের ছাদে জড়িয়ে দেন ইকুয়েডরের এই ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে নিউ জার্সির স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত ইকুয়েডর সমর্থকদের আনন্দ-অশ্রু আর উদযাপনে তৈরি হয় স্মরণীয় এক আবহ।

ম্যাচ শেষে ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে দৌড়ে গ্যালারিতে গিয়ে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন। ঐতিহাসিক এই জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং দলের খেলোয়াড়রাও।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ম্যাচে নামা ইকুয়েডরের সামনে ছিল জয়ের কঠিন সমীকরণ। সেই চাপ সামলে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল তারা।

অন্যদিকে, আগেই গ্রুপ সেরা হিসেবে নকআউট নিশ্চিত করা জার্মানির জন্য এই হার বড় কোনো প্রভাব ফেলবে না। তবে ইকুয়েডরের জন্য এটি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪