রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেই ম্যাচে শুরু থেকেই মাঠে থাকছেন না লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে বেঞ্চে রেখে শুরু করবে আর্জেন্টিনা।
প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মেসি ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর তার ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ কৌশলগত বলে জানিয়েছেন কোচ।
স্কালোনি ম্যাচের আগে বলেন, মেসির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কোনো ইনজুরি-সংক্রান্ত বিষয় নয়। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন।
আর্জেন্টিনা কোচ আরও বলেন, জর্ডান শক্ত প্রতিপক্ষ এবং তারা বল দখলে রেখে খেলা নিয়ন্ত্রণে রাখতে চায়। প্রতিপক্ষের দ্রুতগতির ফরোয়ার্ডদের বিষয়েও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে একই দিনে ফ্রান্স ও নরওয়ের ম্যাচে গোল্ডেন বুট দৌড়ে পরিবর্তন এসেছে। কিলিয়ান এমবাপে গোল না পেলেও ওসমান দেম্বেলে হ্যাটট্রিক করে চার গোলে পৌঁছে গেছেন, যা প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম