| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিহীন আর্জেন্টিনার দাপটে প্রথমার্ধেই জর্ডানের জালে দুই গোল

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০৮:৫৬:৪৩:পূর্বাহ্ন  |  ৪৯১ বার পঠিত
মেসিহীন আর্জেন্টিনার দাপটে প্রথমার্ধেই জর্ডানের জালে দুই গোল

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখেও দাপটের সঙ্গে খেলছে আর্জেন্টিনা। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। জর্ডানকে নিজেদের অর্ধেই চেপে ধরে একের পর এক আক্রমণ চালায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেয়েছিল আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের পাসে জিওভানি লো সেলসো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে ১৯ মিনিটে আর ভুল করেননি লো সেলসো। বক্সের ঠিক বাইরে ফাউল আদায় করার পর নিজেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জর্ডানের জালে। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলাকে কোনো সুযোগই দেননি তিনি। দুর্দান্ত এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ২৯ মিনিটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কর্নার থেকে আসা বলে জুলিয়ান আলভারেজের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। রিবাউন্ডে মার্কোস সেনেসি হেড করতে গেলে জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল আরাব তার মাথায় আঘাত করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর আর্জেন্টিনাকে পেনাল্টি দেন ম্যাচ কর্মকর্তা।

৩১ মিনিটে স্পট কিক থেকে কোনো ভুল করেননি লাউতারো মার্তিনেজ। নিচু শটে গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৩৫ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের ভুল পাস থেকে সুযোগ তৈরি হলেও ওলওয়ানের দূরপাল্লার শট নিকোলাস ওতামেন্দির গায়ে লেগে কর্নারে চলে যায়। পরের আক্রমণেও তাহার জোরালো শট আর্জেন্টিনার রক্ষণভাগ প্রতিহত করে।

৩৮ মিনিটের পর থেকে মাঝমাঠে কিছুটা বলের দখল নিতে শুরু করে জর্ডান। বাঁ প্রান্ত দিয়ে ওলওয়ান ও আজাইজেহ কয়েকটি আক্রমণ সাজালেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।

প্রথমার্ধের শেষদিকে আবারও আক্রমণে ফেরে আর্জেন্টিনা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিকো পাজের আদায় করা ফ্রি-কিক থেকে নিকোলাস ওতামেন্দির হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সে নকআউট পর্বের আগে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে স্কালোনির দল।

এর আগে ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত হওয়ায় মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে আগেই বিদায় নিশ্চিত হওয়া জর্ডান শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪