স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি।
ডিজিটাল দুনিয়ার কল্যাণে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও নিরাশ করলেন না।
বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এ দেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন।
মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, সমর্থকদের (বাংলাদেশ) আমি ভালোবাসি। আমি সেখানে গিয়েছি, আমি এই দেশটিকে ভালোবাসি। আমার মনে হয়, কোনো না কোনো ভাবে তারা সবাই আর্জেন্টাইন।
প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। যদিও আয়োজকদের নানা বিধিনিষেধের কারণে খুব বেশি সমর্থকদের মুখোমুখি হতে পারেননি তিনি। এ ছাড়া বাফুফে থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকেই দেশে আনার। যদিও পরে সেসব পরিকল্পনার তেমন অগ্রগতি আর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এম এইচ