স্পোর্টস ডেস্ক: হারারে টেস্টে বাংলাদেশের ব্যাটিং ও পেস আক্রমণ যখন হতাশার প্রতিচ্ছবি, তখন একাই লড়াই চালিয়ে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেসারদের জন্য সহায়ক সবুজ ঘাসে মোড়া উইকেটেও দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট শিকার করেছেন তিনি। আর এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ১৩৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা ইনিংস বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন তাইজুল। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে সাকিব নিয়েছিলেন ৬ উইকেটে ৩৩ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইবাদত হোসেন, যিনি ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিয়েছিলেন ৬ উইকেটে ৪৬ রান।
এই ম্যাচে পাঁচ উইকেট পূর্ণ করার মাধ্যমে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিকবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তাইজুল। বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট শিকার। এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল সাকিব আল হাসানের দখলে, যার বিদেশে পাঁচ উইকেট ছিল পাঁচবার। এই তালিকায় মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজের রয়েছে তিনবার করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
হারারের এই পারফরম্যান্সের মাধ্যমে টেস্টে ইনিংসে তৃতীয়বারের মতো সাত বা তার বেশি উইকেট নেওয়ার মাইলফলকেও পৌঁছে গেছেন তাইজুল। বাংলাদেশের ইতিহাসে আর কোনো বোলার একাধিকবার এক ইনিংসে সাত উইকেট নিতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে রয়েছে একটি করে সাত উইকেটের কীর্তি।
এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিকবার পাঁচ উইকেট শিকারের তালিকায়ও এখন সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দুজনেরই এখন সমান ১৯টি করে পাঁচ উইকেট রয়েছে। তবে এই মাইলফলকে পৌঁছাতে তাইজুলের লেগেছে ১০৭ ইনিংস, যেখানে সাকিব খেলেছেন ১২১ ইনিংস। তালিকার তৃতীয় স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রয়েছে ১৪টি পাঁচ উইকেট।
হারারে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা এবং পেসারদের নিষ্প্রভ পারফরম্যান্সের মাঝেও তাইজুল ইসলাম আবারও প্রমাণ করেছেন, তিনি এখনও দলের অন্যতম নির্ভরযোগ্য ম্যাচজয়ী বোলার। স্পিন সহায়ক নয় এমন উইকেটেও নিজের নিয়ন্ত্রণ, বৈচিত্র্য ও অভিজ্ঞতায় প্রতিপক্ষকে চাপে ফেলে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন নিজের ক্যারিয়ারে।
রিপোর্টার্স২৪/বাবি