| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের সামর্থ্যের ঘাটতিই পার্থক্য গড়ে দিয়েছে

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ০৪:১৭:৩৯:পূর্বাহ্ন  |  ৪৯৬ বার পঠিত
আমাদের সামর্থ্যের ঘাটতিই পার্থক্য গড়ে দিয়েছে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের কাছে ২-১ গোলে নাটকীয় পরাজয়ের পর হতাশা প্রকাশ করেছেন জাপানের তারকা মিডফিল্ডার রিৎসু দোয়ান। তবে হারলেও ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে দলের লড়াকু পারফরম্যান্সে গর্বিত তিনি।

হিউস্টনের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দোয়ান বলেন, ‘এটা আমাদের সামর্থ্যের ঘাটতি ছিল, এর বেশি কিছু নয়।’

ম্যাচের ২৮তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। মাঝমাঠে ব্রাজিলের ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৬তম মিনিটে কাসেমিরোর হেডে সমতা ফেরানোর পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচের ৬৫তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন দোয়ান। এরপরও তিনি জাপানের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘এই ৯০ মিনিটে আমরা দেখিয়েছি, জাপানের ফুটবল ব্রাজিল কিংবা বিশ্বের যেকোনো দলের সঙ্গে সমানতালে লড়াই করতে পারে। প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তবে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের মান কতটা উঁচু, সেটাও আমরা আবার উপলব্ধি করেছি।’

চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারা ডিফেন্ডার কো ইতাকুরাও দ্রুত বিদায়ে হতাশা প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘এত দ্রুত বিদায় নেওয়ার মতো দল আমরা ছিলাম না। আমরা কঠোর লড়াই করেছি, দলের পরিবেশও ছিল দারুণ। তাই এই ফল মেনে নেওয়া কঠিন।’

তবে এই পরাজয়কেও ভবিষ্যতের জন্য শিক্ষার অংশ হিসেবে দেখছেন তিনি। ইতাকুরা বলেন, ‘আমরা হেরে গেছি, সব শেষ। কিন্তু এটাও আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং দেখাবে আমরা কতটা এগিয়েছি। আমি বিশ্বাস করি, এখান থেকেই জাপান আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

ম্যাচ শেষে আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তিনি মাঠেই খেলোয়াড়দের একত্রিত করে সমর্থকদের উদ্দেশে মাথা নত করে ক্ষমা চান।

মোরিয়াসু বলেন, ‘আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে এর দায়িত্ব আমার, আর এজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের পাশাপাশি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সমর্থন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্বে থাকা মোরিয়াসু জানান, এই হার হতাশাজনক হলেও খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন।

তার ভাষায়, ‘আমাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হলো। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফ সবাই অসাধারণ পরিশ্রম করেছে। আমরা আমাদের সামর্থ্যের সবকিছুই করেছি। এখন এই হতাশাকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই।’

এটি ছিল জাপানের অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ। এর মধ্যে পাঁচবার তারা গ্রুপ পর্ব পেরিয়েছে, তবে এখনও পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি।

অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা ব্রাজিল এখন অপেক্ষায় রয়েছে তাদের পরবর্তী প্রতিপক্ষের। কোয়ার্টার ফাইনালে উঠতে সেলেসাওদের মুখোমুখি হতে হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪