| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে ১৮ গোল এমবাপের, সামনে শুধু মেসি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০৬:৩৬:৪৯:পূর্বাহ্ন  |  ৪২১ বার পঠিত
বিশ্বকাপে ১৮ গোল এমবাপের, সামনে শুধু মেসি

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে ১৬ গোল করে দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে ১৯ গোল নিয়ে এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি।

তবে মেসির এই রেকর্ড এখন হুমকির মুখে ফেলেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা ক্লোসার ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপের প্রয়োজন আর মাত্র একটি গোল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করেছেন তিনি। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করার পর নকআউট পর্বের প্রথম ম্যাচেও জোড়া গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে, মেসির সামনে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে। নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করতে পারবেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু সর্বোচ্চ গোলদাতার তালিকাতেই নয়, বিশ্বকাপের নকআউট পর্বেও নতুন রেকর্ড গড়েছেন এমবাপে। এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট ম্যাচে ৯টি গোল করেছেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড যৌথভাবে দখলে ছিল ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদোর, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এছাড়া গোল্ডেন বুটের লড়াইয়েও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। চলতি বিশ্বকাপে ছয় গোল করে এমবাপে এখন মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।

তবে গোলের সংখ্যা বাড়াতে হলে বিশ্বকাপে টিকে থাকাও জরুরি। শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে, যারা টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটিয়েছে। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক এমবাপে বলেছেন, তারা ইতোমধ্যে জার্মানিকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।

বাংলাদেশ সময় আগামী ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ ষোলোর লড়াই। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের পথে একই পর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল ফরাসিরা।

পরিসংখ্যানও এমবাপের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে ১৮ ম্যাচে ১৮ গোল করে প্রতি ম্যাচে তার গড় গোল ১। বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ গোলদাতাদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ গড়। তার ওপরে রয়েছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন, যিনি মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন (গড় ২.১৭), এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলার, যার ১৩ ম্যাচে গোল ছিল ১৪টি (গড় ১.০৮)।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪