স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক হিসেবে প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী।
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অনুমতি পাওয়ায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। একই কারণে দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকেও। লিটনের অনুপস্থিতিতে টানা দ্বিতীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়।
দল ঘোষণার পর তিন ক্রিকেটারকে নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। শামীমকে বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তার সাম্প্রতিক ফর্ম নিয়ে নির্বাচকদের উদ্বেগ রয়েছে। তবে ভবিষ্যতেও তাকে টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হাবিবুল বাশার বলেন, শামীমের ফর্মটা নিয়ে আমরা কিছুটা চিন্তিত। এখনও বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু এই মুহূর্তে সে ভালো ফর্মে নেই। পাশাপাশি আমরা কিছু নতুন ক্রিকেটারকে মূল্যায়ন করতে চাই।
মোসাদ্দেককে দলে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক জানান, জাতীয় লিগ টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স এবং সাম্প্রতিক ব্যাটিংয়ের ধরন নির্বাচকদের মুগ্ধ করেছে। তিনি বলেন, সৈকত খুব ভালো ফর্মে আছে। যদিও ওয়ানডে ক্রিকেটে ভালো করেছে, তবে তার ব্যাটিং এখন ভিন্ন মাত্রা পেয়েছে। পাশাপাশি তার বোলিংও দলের জন্য কার্যকর একটি বিকল্প।
অন্যদিকে ইয়াসির আলীকে দলে নেওয়ার পেছনে তার পাওয়ার হিটিং সামর্থ্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন নির্বাচকরা। হাবিবুল বাশারের ভাষ্য, ইয়াসির এমন কয়েকজন ব্যাটারের একজন, যে সহজেই বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। বিপিএলে ভালো করতে না পারলেও তার বড় শট খেলার সামর্থ্য বিবেচনায় রেখেই তাকে দলে নেওয়া হয়েছে।
জাতীয় লিগ টি-টোয়েন্টিতে মোসাদ্দেক ব্যাট হাতে ৫৮.৬৬ গড়ে ১৭৬ রান করার পাশাপাশি ৬টি উইকেট শিকার করেন। একই টুর্নামেন্টে ইয়াসির ৬৫.৬৬ গড়ে ১৯৭ রান করেন। এই পারফরম্যান্সই তাদের জাতীয় দলে ফেরার পথ তৈরি করেছে।
অন্যদিকে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার মাশুল দিতে হয়েছে শামীম হোসেন ও সৌম্য সরকারকে। শামীম ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন, আর লিটনের বিকল্প হিসেবে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি সৌম্য।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।