| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলতে মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ০১:৪৬:০৪:পূর্বাহ্ন  |  ৪৮৬ বার পঠিত
ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলতে মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে থমাস টুখেলের দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

ম্যাচের শুরুটা ইংল্যান্ডের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। সপ্তম মিনিটে ডিআর কঙ্গো এগিয়ে গেলে চাপে পড়ে যায় থ্রি লায়ন্সরা। সাবেক নিউক্যাসল ডিফেন্ডার শঁসেল মবেম্বার বাড়ানো বল ইংল্যান্ডের ডিফেন্ডার জেডেন স্পেন্সের মাথার ওপর দিয়ে চলে যায় ব্রায়ান সিপেঙ্গার কাছে। সুযোগ কাজে লাগিয়ে কঙ্গোর এই উইঙ্গার জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ইংল্যান্ড। প্রথম কুলিং ব্রেকের পর মার্কাস রাশফোর্ড ও জুড বেলিংহামের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন অ্যারন ওয়ান-বিসাকা ও গোলরক্ষক লিওনেল এমপাসি। অন্যদিকে ইয়োনে উইসাও ইংল্যান্ডের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিলেন, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টির দাবি তুলেছিলেন হ্যারি কেইন। গোলরক্ষক এমপাসির সঙ্গে সংস্পর্শে পড়ে গেলেও রেফারি আধাম মাখাদমেহ সেটিকে ফাউল হিসেবে গণ্য করেননি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধারহীন ছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় কুলিং ব্রেকের পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি খেলোয়াড় অ্যান্থনি গর্ডন। ডেকলান রাইসের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি বক্সের ভেতরে ভাসিয়ে দেন। সেখানে ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবেকে ফাঁকি দিয়ে হেডে গোল করে সমতা ফেরান হ্যারি কেইন।

এর ১১ মিনিট পর আবারও জ্বলে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক। গর্ডনের পাস থেকে বক্সের সামনে বল পেয়ে দারুণ টার্ন নিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

তবে জয় পেলেও ইংল্যান্ডের সামগ্রিক পারফরম্যান্স ছিল হতাশাজনক। ম্যাচের দীর্ঘ সময়জুড়ে আক্রমণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন উইঙ্গাররা। ননি মাদুয়েকে ও মার্কাস রাশফোর্ড প্রত্যাশা পূরণ করতে পারেননি। বদলি হিসেবে নেমে গর্ডন দুই গোলেই অ্যাসিস্ট করে পার্থক্য গড়ে দিলেও দুই গোলেই কেইনের ব্যক্তিগত দক্ষতা ছিল চোখে পড়ার মতো।

এই ম্যাচে গোল করে বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলার পেলের গোলসংখ্যাকেও ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে গোলসংখ্যা এখন ২০, আর ইংল্যান্ডের জার্সিতে মোট গোল দাঁড়িয়েছে ৮৪টি।

ম্যাচ শেষে জুড বেলিংহাম সতীর্থ কেইনকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দেন। তবে বিশ্বকাপে আরও দূর যেতে চাইলে দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪