স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উত্তাপের মধ্যেই ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন ঘিরে। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
গত কয়েক মাসে বিভিন্ন স্থানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় এই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এমবাপ্পে বা এস্টার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
২০০০ সালের ২৬ জানুয়ারি মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার এক্সপোসিতো ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিরিজে কার্লা রোসোন চরিত্রে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। ব্যক্তিগত মুহূর্ত ও কাজের নানা ছবি তিনি নিয়মিত সেখানে শেয়ার করেন।
এমবাপ্পে ও এস্টারের সম্পর্কের খবর প্রথম জোরেশোরে শোনা যায় চলতি বছরের এপ্রিলে, যখন প্যারিসে তাদের এক নৈশভোজে দেখা যায়। পরে বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও দুজনকে একসঙ্গে দেখা যায় বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার সরাসরি কোনো সম্পর্কের কথা স্বীকার না করলেও ব্যক্তিগত জীবনে ভালো থাকার কথা জানান।
বিনোদন ও ক্রীড়াঙ্গনের তারকাদের ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। এমবাপ্পে ও এস্টারের বিষয়টিও আপাতত তেমনই এক আলোচিত ইস্যু হয়ে উঠেছে। এটি নিছক বন্ধুত্ব নাকি প্রেমের সম্পর্ক, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।