স্টাফ রিপোর্টার: ফুটবল শুধু মাঠের লড়াই নয়, এটি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করার একটি শক্তিশালী মাধ্যম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদ্বয়। আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এই মন্তব্য করেন।
‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল কেবল একটি খেলা বা ট্রফি জয়ের লড়াই নয়; এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। টুর্নামেন্টে জয়-পরাজয় বড় কথা নয়, খেলার আসল সৌন্দর্য হলো তা উপভোগ করা। মাঠের প্রতিদ্বন্দ্বিতা যেন মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা তাঁর বক্তব্যে বলেন, ফুটবল বিভিন্ন দেশ, সমাজ ও সংস্কৃতির মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। এই ধরনের আয়োজন বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশে ফুটবলের এই জোয়ার তরুণ খেলোয়াড়দের আগামীতে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ফুটবল মিশে আছে। এ দেশের কোটি ফুটবলপ্রেমী চরম আবেগ ও উদ্দীপনা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন, যা বিশ্ব ফুটবলে এক অনন্য দৃষ্টান্ত। এভিয়েশন খাতের কর্মীদের নিয়ে এমন আয়োজনকে তিনি সাধুবাদ জানান।
এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ১৬টি শীর্ষস্থানীয় এয়ারলাইন্স অংশ নিচ্ছে। দলগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স ও ফ্লাইদুবাই।
উদ্বোধনী দিনে নকআউট পর্বের ম্যাচগুলো শেষে আগামীকাল শনিবার (৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব