| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাইব্রেকারের রোমাঞ্চ জিতে ইতিহাস গড়ল মিশর

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ০৩:০০:১০:পূর্বাহ্ন  |  ৩৮৩৩ বার পঠিত
টাইব্রেকারের রোমাঞ্চ জিতে ইতিহাস গড়ল মিশর

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নাটকীয় টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো নকআউট ম্যাচ জিতে শেষ ষোলোয় জায়গা করে নিল আফ্রিকার দেশটি।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। প্রথমার্ধে ইমাম আশুরের গোলে এগিয়ে গিয়েছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধে হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

টাইব্রেকারে প্রথম শট নিতে আসে অস্ট্রেলিয়া। তবে দলের প্রথম কিকার হ্যারি সাউতারের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে গেলে শুরুতেই পিছিয়ে পড়ে সকারুসরা।

মিশরের হয়ে প্রথম শট নিতে আসা সাবের নির্ভুলভাবে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। এরপর অস্ট্রেলিয়ার হয়ে জ্যাকসন আরভিন গোল করে সমতা ফেরালেও মিশরের রাবিয়া ঠাণ্ডা মাথায় গোল করে আবারও এগিয়ে নেন দলকে।

অস্ট্রেলিয়ার আজিজ মাবিল নিজের শট থেকে গোল করলেও মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মাঝ বরাবর ‘পানেঙ্কা’ শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-২ করেন।

চতুর্থ শটে অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী হ্যারিংটনের ওপর বড় দায়িত্ব ছিল। তবে তার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে ম্যাচে মিশরের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত আবদেলমাজিদ স্পট কিক থেকে গোল করে মিশরের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ান ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই বল জালে জড়িয়ে দেন তিনি।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল মিশর। অন্যদিকে, দারুণ লড়াই করেও হৃদয়ভাঙা বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪