স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। দুইবার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত আবারও এগিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ২১তম মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। তার গোলে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে লিড নেয় লিওনেল স্কালোনির দল।
কর্নার থেকে ভেসে আসা বলের দিকে উঁচুতে লাফিয়ে উঠে হেড করেন রোমেরো। বলটি জালে জড়ানোর আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হাতে লেগেছিল কি না, তা নিয়ে কিছুটা আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল রাখেন ম্যাচ কর্মকর্তারা।
এর আগে ম্যাচের নির্ধারিত সময়ে লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দিলেও অসাধারণ এক গোল করে সমতা ফেরান লোপেস কাবরাল।
তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রোমেরোর হেডে আবারও এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে শেষ মুহূর্তের দিকে জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে আর্জেন্টিনা, আর ইতিহাস গড়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেপ ভার্দে।
রিপোর্টার্স২৪/বাবি