| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ফুটবলারের ক্ষেত্রে বদলে গেলো লাল কার্ডের আইন

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ০৬:৫৭:৪৯:পূর্বাহ্ন  |  ২৪২০১৭ বার পঠিত
মার্কিন ফুটবলারের ক্ষেত্রে বদলে গেলো লাল কার্ডের আইন

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আগে যুক্তরাষ্ট্র বড় স্বস্তির খবর পেয়েছে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞায় পড়া স্ট্রাইকার ফোলারিন ব্যালোগুনের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা অনুযায়ী ব্যালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনারি (পর্যবেক্ষণকাল) সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে তিনি একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিত শাস্তি পুনরায় কার্যকর হবে এবং নতুন শাস্তির সঙ্গে সেটিও যুক্ত হবে।

ফিফার এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ট্রাম্প লিখেছেন, যৌক্তিক কাজটি করার জন্য এবং একটি বড় অন্যায়ের সিদ্ধান্তকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ব্যালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, দলটি দারুণ খেলছিল। কিন্তু লাল কার্ডের সিদ্ধান্ত আমাদের জন্য অন্যায্য ছিল। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর আপিলের সুযোগ থাকা উচিত।

বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্যালোগুন। এ সময় তার বুটের নিচের অংশ প্রতিপক্ষের গোড়ালিতে আঘাত করলে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে পিচসাইড মনিটরে রিপ্লে দেখে ব্যালোগুনকে সরাসরি লাল কার্ড দেখান।

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে। চলতি বিশ্বকাপেই কানাডার ইসমাইল কোনেকে গুরুতর চোটে ফেলার ঘটনায় কাতারের আসিম মাদিবোর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে পাঁচ ম্যাচ করা হয়েছিল।

তবে নিষেধাজ্ঞা স্থগিতের নজিরও রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই দিয়ে আঘাত করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ নিষিদ্ধ থাকার পর ফিফা তার বাকি দুই ম্যাচের শাস্তিও এক বছরের জন্য স্থগিত করেছিল, ফলে তিনি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছিলেন।

বিশ্বকাপে ইতোমধ্যে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল এবং বসনিয়ার বিপক্ষে একটি গোল করা ব্যালোগুনের প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ আরও শক্তিশালী হলো। এখন শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার পারফরম্যান্সই হতে পারে যুক্তরাষ্ট্রের ভাগ্য নির্ধারণের অন্যতম নিয়ামক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪