স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হারের পর ব্রাজিলের জার্সিতে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো-এর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।
২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া নেইমার দীর্ঘ এক যুগেরও বেশি সময় সেলেসাওদের আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ৮০টি গোল করেছেন। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে চারটি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষেই সর্বাধিক ৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
জাতীয় দলের হয়ে নেইমারের অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে এনে দেওয়া ঐতিহাসিক স্বর্ণপদক। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক কোপা আমেরিকা ও বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
এদিকে, আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নর্ডিক দেশটি। ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হলো জাতীয় দলের জার্সিতে নেইমারেরও বর্ণাঢ্য অধ্যায়।
রিপোর্টার্স২৪/বাবি