স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগে আর্জেন্টিনাকে একরকম খোঁচাই দিয়ে রাখল মিশর।
মঙ্গলবার শেষ ১৬-এর লড়াইকে সামনে রেখে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসিকে নিয়ে তারা একদমই ভাবছেন না। উল্টো নিজেদের দলে ‘২৬ জন মেসি’ আছে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি।
মিশরীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ হোসাম হাসানের ভাই ও জাতীয় দলের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেন, ‘তাদের (আর্জেন্টিনা) মেসি থাকতে পারে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে। আর আমাদের স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে। আশা করি আল্লাহ্ আমাদের পুরস্কৃত করবেন।’
আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে বাড়তি মাতামাতি না করার জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন এই সহকারী কোচ। তিনি বলেন, ‘আমরা মেসিকে দেখছি না। আমরা খেলোয়াড়দের বলেছি মাঠে নেমে প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের খেলাটা খেলতে।’
মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না; এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম হাসান সাফ জানিয়ে দেন, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা এটা নিয়ে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ মিশর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য কেউ, আমরা প্রতিটি ম্যাচে লড়াই করতে মাঠে নামি। আমাদের সালাহ আছে এবং সেই সঙ্গে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ৩২ দলের রাউন্ডে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে ফারাওরা। দলের এই পারফরম্যান্স নিয়ে হাসান বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা খেলোয়াড়দের বলেছি, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। টুর্নামেন্টের যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’
রিপোর্টার্স২৪/ধ্রুব