| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে!

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৯:৫৪:৫৩:অপরাহ্ন  |  ১০৩৪ বার পঠিত
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মতো মহামঞ্চে শিরোপা জিততে হলে সাধারণত একের পর এক শক্তিশালী ও পরাশক্তি প্রতিপক্ষের কঠিন বাধা পেরোতে হয়। তবে ২০২৬ সালের চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালের পথ যেন সেই চেনা চিত্রের একদম বিপরীত। ফাইনালে উঠতে হলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫–এর একটি দলেরও মুখোমুখি নাও হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। আর এই অবিশ্বাস্য সমীকরণই এখন ফুটবল বিশ্বে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকে গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র‌্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর রাউন্ড অব ৩২-এ অপেক্ষাকৃত দুর্বল কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোর নাটকীয় ম্যাচে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন তাদের সামনে রয়েছে সুইজারল্যান্ড, যাদের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ১৯। অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণে যদি নরওয়ে শক্তিশালি ইংল্যান্ডকে বিদায় করে দেয় এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচে জয় পায়, তবে শেষ চারে মেসিদের প্রতিপক্ষ হবে ৩০তম স্থানে থাকা নরওয়ে। অর্থাৎ, এই সমীকরণ পুরোপুরি মিলে গেলে ফাইনালে ওঠার আগে পর্যন্ত আর্জেন্টিনাকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫–এর কোনো দেশের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে না।

এই চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফুটবলার ও বিশ্লেষকদের একাংশের মতে, এটি নিছকই টুর্নামেন্টের ড্র ও নকআউট পর্বের এক স্বাভাবিক সমীকরণ। তবে প্রতিপক্ষ শিবিরের অনেকেই প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিশ্বকাপের সবচেয়ে ‘সহজ পথ’ পেয়েই কি তবে অনায়াসে ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা?

অবশ্য কাগজের কলমের র‌্যাঙ্কিং কম হলেও ফুটবলের মাঠের বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন, তা টুর্নামেন্টের ম্যাচগুলোই প্রমাণ করছে। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষই যে সহজ নয়, তার সবচেয়ে বড় প্রমাণ শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি। যেখানে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। পরবর্তীতে লিওনেল মেসির জাদুতে শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে তবেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হয়েছে তাদের।

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, চলমান আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার মোকাবিলা করা পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র‌্যাঙ্কিং প্রায় ৪৪। এর মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের আগে শীর্ষ ২০-এর কোনো দলও মেসি-এনজোদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

এখন দেখার বিষয়, সুইজারল্যান্ড ও সম্ভাব্য সেমিফাইনালের বাধা পেরিয়ে আর্জেন্টিনা যদি সত্যিই ফাইনালে পৌঁছে যায়, তবে এই ‘সহজ ড্র’ নিয়ে চলা বিতর্ক কতটা জোরালো রূপ নেয়। কারণ, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে শিরোপার মঞ্চে ওঠার আগে শীর্ষ ১৫–এর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার ঘটনা অত্যন্ত বিরল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪