স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে সাফল্যের পেছনে তারকা ফুটবলারদের দক্ষতার পাশাপাশি বড় ভূমিকা রাখে তাদের ফিটনেস ও খাদ্যাভ্যাস। তীব্র গরম, টানা ম্যাচের চাপ ও বয়সের সঙ্গে লড়াই করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হাল্যান্ডদের মতো তারকারা নিজেদের প্রস্তুত রাখেন বিশেষ খাদ্য পরিকল্পনার মাধ্যমে।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পছন্দের খাবারের তালিকায় রয়েছে আসাদো, মিলানেসা ও রোস্টেড চিকেন। তবে সুযোগ পেলে পিৎজা, চকোলেট ও আইসক্রিমও উপভোগ করেন এই ফুটবল জাদুকর।
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিট পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে ডিম, অ্যাভোকাডো, মাছ ও চিকেন। তবে তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে পর্তুগালের জনপ্রিয় খাবার ‘বাকালহাউ আ ব্রাস’।
নরওয়ের গোলমেশিন আর্লিং হাল্যান্ডের খাদ্যতালিকায় রয়েছে ডিম, সাওয়ারডো, মধু ও বিভিন্ন ধরনের স্টেক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার দৈনিক খাবার থেকে প্রায় ৬ হাজারের বেশি ক্যালোরি গ্রহণ করেন এই স্ট্রাইকার।
ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে মাছ, হোলগ্রেন ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবার খান। প্রতিদিন তার খাদ্যতালিকায় থাকে ছয়টি ভারসাম্যপূর্ণ মিল। তবে তার পছন্দের খাবারের মধ্যে অন্যতম ইতালিয়ান পাস্তা ‘কার্বোনারা’।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন পুষ্টিবিদ ও ব্যক্তিগত শেফের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করেন। তার নিয়মিত খাদ্যতালিকায় থাকে ওটস, ডিম, স্যামন মাছ ও লিন প্রোটিন।
ইংল্যান্ডের তরুণ তারকা জুড বেলিংহ্যামের খাবারের তালিকায় রয়েছে গ্রিক ইয়োগার্ট, টার্কি ও বিভিন্ন ধরনের স্যালাড। তবে ম্যাচের আগে তার পছন্দের খাবার বেকড বিনস ও ডিম।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বমানের ফুটবলারদের সাফল্যের পেছনে কঠোর অনুশীলনের পাশাপাশি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম ও বৈজ্ঞানিক ফিটনেস পরিকল্পনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।