| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাঁস হলো আনচেলত্তির গোপন পরিকল্পনা

হালান্ডকে নিয়ে ভুল তথ্য

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ২৩:৪৩:০২:অপরাহ্ন  |  ৮২৭ বার পঠিত
ফাঁস হলো আনচেলত্তির গোপন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সামনে এসেছে কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনার একটি নথি। জার্মান সংবাদমাধ্যম Bild-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিল কোচিং স্টাফের তৈরি ওই নথিতে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি, সম্ভাব্য পেনাল্টি শুটআউট পরিকল্পনা এবং খেলোয়াড়ভিত্তিক বিশ্লেষণের বিস্তারিত তথ্য ছিল। তবে নথিতে নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে ডান পায়ের খেলোয়াড় হিসেবে উল্লেখ করায় ব্রাজিলের বিশ্লেষণী প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তির দল সম্ভাব্য টাইব্রেকারের বিষয়টিও মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছিল। নরওয়ের সম্ভাব্য পেনাল্টি শুটারদের তালিকা, তাদের পছন্দের পা এবং শট নেওয়ার প্রবণতা নিয়েও বিশদ বিশ্লেষণ করা হয়েছিল।

তবে ওই তালিকায় হালান্ডের নামের পাশে ‘রাইট-ফুটেড’ (ডান পায়ের খেলোয়াড়) উল্লেখ করা হয়। অথচ ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার মূলত বাঁ পায়ের খেলোয়াড় হিসেবে পরিচিত। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ ব্যবধানের হারের ম্যাচে হালান্ড তার দ্বিতীয় গোলটিও করেন বাঁ পায়ে।

নথিতে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিয়ল্যান্ডের দুর্বলতা নিয়েও বিশ্লেষণ ছিল। সেখানে উল্লেখ করা হয়, তিনি নিচু শট ঠেকাতে বেশি ঝাঁপ দেন এবং মাঝারি উচ্চতার শটে তুলনামূলক দুর্বল। সম্ভাব্য পেনাল্টি শুটআউটে নরওয়ের খেলোয়াড়দের শটের দিক নিয়েও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের জন্য আলাদা নির্দেশনা ছিল।

যদিও ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায়নি। নির্ধারিত ৯০ মিনিটেই ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ড্রেসিংরুমে ফেলে যাওয়া ওই নথি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ব্রাজিলের সমস্যা কেবল পরিকল্পনার অভাব নয়; বরং গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠে সেই পরিকল্পনার সঠিক প্রয়োগ এবং চাপ সামলাতে ব্যর্থতাই বিদায়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

এখন আলোচনার বিষয়—আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা কি তথ্যগত ভুলের কারণে দুর্বল হয়ে পড়েছিল, নাকি মাঠে খেলোয়াড়রা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪