স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ধরে রাখতে এবার ব্যতিক্রমী এক স্মারক নিয়ে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের আসল ঘাসের অংশ বিক্রি করছে সংস্থাটি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ঐতিহাসিক এই ম্যাচের মাঠ থেকে সংগ্রহ করা প্রতিটি ঘাসের টুকরার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা।
ফিফার অনলাইন স্টোরে জানানো হয়েছে, ফাইনালের মাঠের আসল টার্ফ বা ঘাসের অংশ বিশেষভাবে প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে সংরক্ষণ করা হবে। এর সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক, যেখানে থাকবে পণ্যের সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ফিফা বলছে, এটি শুধু একটি স্মারক নয়; বরং ফুটবল ইতিহাসের একটি অংশ নিজের সংগ্রহে রাখার সুযোগ। সীমিত সংস্করণের এই পণ্যটি সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। বিশেষ স্পট ইউভি নকশার প্রিমিয়াম বক্সে এটি সরবরাহ করা হবে।
তবে বিশ্বের সব দেশের সমর্থকরা এই স্মারক কিনতে পারবেন না। ফিফা জানিয়েছে, বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় এই পণ্য সরবরাহ করা হবে। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার পাঠানো হবে না। অর্থাৎ ১৯ জুলাইয়ের ম্যাচ শেষ হওয়ার পরই ক্রেতাদের হাতে পৌঁছাবে মাঠের ঐতিহাসিক অংশ।
বড় ম্যাচের মাঠের অংশ বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠের অংশও স্মারক হিসেবে বিক্রি করেছিল ফিফা।
এদিকে ২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও সমালোচনার মুখে পড়েছে ফিফা। ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৭০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার বেশি। আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম আরও বেশি।
বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য মেটলাইফ স্টেডিয়ামে বিশেষভাবে প্রাকৃতিক ঘাসের মাঠ তৈরি করা হয়েছে। কারণ, নিয়মিত এনএফএল ম্যাচের জন্য ব্যবহৃত এই স্টেডিয়ামে সাধারণত কৃত্রিম টার্ফ থাকে।
ফুটবল বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। ১৯ জুলাইয়ের ফাইনালে নতুন চ্যাম্পিয়নের নাম নির্ধারণ হবে। আর সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতি হিসেবে কোনো কোনো সমর্থকের সংগ্রহে জায়গা করে নেবে ফাইনালের মাঠের এক টুকরা ঘাস।
রিপোর্টার্স২৪/বাবি