| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জুড়ে কঠোর নিরাপত্তা বলয়

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০৭:০০:৪৩:পূর্বাহ্ন  |  ৩০১৩ বার পঠিত
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জুড়ে কঠোর নিরাপত্তা বলয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আটলান্টা পুলিশ বিভাগ (এপিডি) জানিয়েছে, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এফবিআইসহ বিভিন্ন ফেডারেল ও স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে এবার প্রথমবারের মতো আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের আলাদা প্রবেশপথ দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করানো হবে। তবে ফিফার টিকিট নীতির কারণে স্টেডিয়ামের ভেতরে দুই দলের সমর্থকদের সম্পূর্ণ পৃথক গ্যালারিতে বসানো সম্ভব হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে কোনো পতাকা, ব্যানার বা পোস্টার স্টেডিয়ামে বহন করা যাবে না। পাশাপাশি রাজনৈতিক, বর্ণবাদী ও উসকানিমূলক বার্তাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ দীর্ঘদিনের। বিশ্বকাপে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ এবং দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল এই লড়াইকে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করেছে।

এদিকে ইংল্যান্ডের সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) সমর্থকদের সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, বিদেশের মাটিতে ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখাই তাদের প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪