স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে কোচ দিদিয়ের দেশমের ১৪ বছরের সফল অধ্যায়।
বিশ্বকাপ শুরুর আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দেশম। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে তাকে। এরপর জাতীয় দলের দায়িত্ব নেবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
২০১২ সালে ফ্রান্সের কোচের দায়িত্ব নেওয়ার পর দেশম দলের অন্যতম সফল কোচে পরিণত হন। তার অধীনে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৮ সালে বিশ্বকাপ শিরোপা, ২০২২ সালে রানার্সআপ এবং ২০২৬ সালে সেমিফাইনালে পৌঁছায় ফ্রান্স।
এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ থাকলেও সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। শিরোপা জিততে পারলে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় তিনটি বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিতে ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালোর পাশে নাম লেখাতে পারতেন দেশম।
১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের পর ২০১৮ সালে কোচ হিসেবেও দলকে শিরোপা এনে দেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয় তার দল।
ফ্রান্সের কোচ হিসেবে ১৪ বছরে ১৮৫ ম্যাচে দায়িত্ব পালন করে ১২০টি জয়, ৩৫টি ড্র ও ৩০টি হার দেখেছেন দেশম।
এখন নতুন অধ্যায়ের অপেক্ষায় ফরাসি ফুটবল। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদানের হাত ধরেই শুরু হতে যাচ্ছে ফ্রান্সের নতুন যাত্রা।
রিপোর্টার্স২৪/বাবি