| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির সাফল্যের গোপন রহস্য প্রকাশ করলেন শাকিরা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১২:৪৭:০৯:অপরাহ্ন  |  ৩৯০ বার পঠিত
মেসির সাফল্যের গোপন রহস্য প্রকাশ করলেন শাকিরা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সংগীতশিল্পী শাকিরার একটি ইনস্টাগ্রাম স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেসির প্রশংসার পাশাপাশি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও বিশেষভাবে উল্লেখ করেন কলম্বিয়ান এই তারকা। পরে আন্তোনেলাও শাকিরার সেই স্টোরি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন।

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে শাকিরা ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে লেখেন, লিও মেসি যা করছে, তা অসাধারণেরও ঊর্ধ্বে। এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস দিয়ে সময় এবং সব বাধাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তিনি প্রমাণ করছেন, একজন মানুষের পরিচয় তার বয়সে নয়, বরং তার কর্মে।

তিনি আরও লেখেন, আমি বিশ্বাস করি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন সঙ্গী থাকাই তাকে আরও শক্তি ও অনুপ্রেরণা জোগায়।

শাকিরার এই পোস্টের পর আন্তোনেলা রোকুজ্জো সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন। শৈশবের বন্ধু মেসি ও আন্তোনেলা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন ছেলে রয়েছে।

এদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদেরও জবাব দিয়েছেন মেসি। সাম্প্রতিক সময়ে রেফারিং ও পক্ষপাতিত্বের সুবিধা পেয়েই আর্জেন্টিনা এগোচ্ছে—এমন অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত চার বছরে আমরাই সেরা দল—এটা কারও ভালো লাগুক বা না লাগুক। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এটি প্রমাণ করে, আমাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।

উল্লেখ্য, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রয়েছেন মেসি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪