| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে উৎপাদনশীলতায় ১৭ বিলিয়ন ডলারের ক্ষতি!

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ০৮:৩৭:৪২:পূর্বাহ্ন  |  ৩৩৭৫ বার পঠিত
বিশ্বকাপে উৎপাদনশীলতায় ১৭ বিলিয়ন ডলারের ক্ষতি!

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি হয়, তার প্রভাব শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না; কর্মক্ষেত্র ও অর্থনীতিতেও পড়ে বড় ধরনের প্রভাব। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রায় দেড় মাস ধরে কোটি কোটি মানুষ খেলা দেখায় ব্যস্ত থাকায় বৈশ্বিক উৎপাদনশীলতায় প্রায় ১৭ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও কানাডা হলেও মূল আয়োজক যুক্তরাষ্ট্র। হিউম্যান রিসোর্স সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজি (UKG)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী এই ক্ষতির পরিমাণ ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়, প্রিয় দলের ম্যাচের দিন অনেক কর্মী আগেভাগে অফিস ছাড়েন, দেরিতে কাজে যোগ দেন বা পুরো দিনই অনুপস্থিত থাকেন। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং উৎপাদনশীলতা কমে যায়।

কর্মক্ষেত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্ল্যাটফর্ম এনভয় (Envoy)-এর তথ্য অনুযায়ী, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পরদিন, ৭ জুলাই, দেশটির বিভিন্ন অফিসে কর্মীদের উপস্থিতি ২৬ শতাংশ কমে যায়। এটি সাধারণত সুপার বোলের পরদিন দেখা যাওয়া অনুপস্থিতির তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

শুধু কর্মীদের উপস্থিতিই নয়, ওই দিন ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার এবং ভেন্ডর অ্যাপয়েন্টমেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণও ৩২ শতাংশ কমে যায়। এনভয় এ ঘটনাকে ‘নকআউট মঙ্গলবার’ নামে অভিহিত করেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় ক্রীড়া বা বিনোদনমূলক আয়োজনের সময় কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাওয়ার ঘটনা নতুন নয়। অলিম্পিক গেমস কিংবা ২০২৩ সালে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ সিনেমা মুক্তির সময়ও একই ধরনের প্রভাব দেখা গিয়েছিল।

বিশ্বকাপ চলাকালে যানজট ও কর্মঘণ্টার ক্ষতি কমাতে এসঅ্যান্ডপি, জেপিমরগান চেজ এবং গোল্ডম্যান স্যাক্সসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেয়।

এদিকে যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ ঘিরে আগ্রহও কিছুটা কমেছে। এনভয়ের পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনা-স্পেন ফাইনালের পরদিন কর্মস্থলে উপস্থিতি কিছুটা কমলেও তা ‘নকআউট মঙ্গলবার’-এর মতো হবে না। অন্যান্য সোমবারের তুলনায় উপস্থিতি প্রায় ১ দশমিক ৮৭ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। বিশ্বের কোটি কোটি দর্শকের দৃষ্টি এখন সেই মহারণের দিকেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪