স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর ভেঙে পড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গোল খেয়ে শিরোপা স্বপ্নভঙ্গ হলেও, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের শিষ্যদের অদম্য লড়াইয়ের প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর পুনরায় ফাইনালে ওঠাকে এক বিশাল অর্জন হিসেবে দেখছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।
ম্যাচ-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘ফলাফলটা দুঃখজনক, তবে ছেলেরা তাদের সেরাটা দিয়েছে। আমরা কীভাবে এই পর্যন্ত এসেছি, তা নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন তা বলে লাভ নেই। যারা আমাকে আরও একটি ফাইনালে নিয়ে এসেছে এবং লড়াই করেছে, তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা। স্প্যানিশরা আমাদের চেয়ে কিছুটা ভালো খেলেছে, এটা স্বীকার করতেই হয়। কিন্তু এই দলটি নিয়ে আমার অনেক সুন্দর স্মৃতি আছে। এই পর্যন্ত পৌঁছানোটা কতটা কঠিন, তা আমাদের বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জয়ের সময় যেমন মহান, পরাজয়ের সময়ও আমাদের তেমনই মহান হতে হবে। আমরা হেরেছি, তবে আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি। আমরা খুব কঠিন মুহূর্ত পার করেছি। যখন ছেলেরা মাঠের প্রতিটি ঘাসে ঘাম ঝরায় এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, তখন সেটি দেশের মানুষের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকে। আপনি হারবেন, কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে।’
ফাইনালে আর্জেন্টিনার শারীরিক সীমাবদ্ধতা নিয়ে কোনো নির্দিষ্ট অজুহাত না দিলেও, স্কালোনি ইঙ্গিত দেন যে দলটির ওপর অনেক চাপ ছিল। বিশেষ করে প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেসের মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের হারিয়ে আর্জেন্টিনা বেশ চাপে পড়ে গিয়েছিল। তবু কোচ গুরুত্ব দিয়েছেন খেলোয়াড়দের নিবেদনের ওপর।
সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি বলেন, ‘আমি প্রতিটি সেকেন্ডের কথা মনে রাখব, কারণ ফাইনালে পৌঁছানোটা অসম্ভব কঠিন কাজ। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু হয়নি। তাতে কোনো অনুশোচনা নেই। খেলার মাঠে আপনি ভালো খেলবেন না খারাপ, সেটা বড় কথা নয়; কিন্তু যখন আপনি নিজের সবটুকু দিয়ে লড়াই করেন, তখন কাউকে দোষারোপ করা যায় না।’
রিপোর্টার্স২৪/ধ্রুব