স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী স্পেনের শিরোপা উদযাপনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পকে দেখা গেলেও, পরে ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি উদযাপনের ছবিতে তাকে ক্রপ করে বাদ দেওয়া হয় বলে দাবি উঠেছে।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পও।
ট্রফি তুলে দেওয়ার পর স্পেনের অধিনায়ক রদ্রি শিরোপা উঁচিয়ে ধরার আগে কিছুক্ষণ অপেক্ষা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চের সামনেই অবস্থান করায় উদযাপনের ফ্রেমে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্প্যানিশ খেলোয়াড়রা। পরে ইনফান্তিনো ট্রাম্পকে সরে যেতে ইঙ্গিত দিলে স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপন করেন।
এরপর ফিফার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত উদযাপনের ছবিতে ট্রাম্পকে দেখা যায়নি। একই সময়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও এমন একটি ছবি প্রকাশ করে, যেখানে ট্রাম্প উপস্থিত নেই। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল পেজে এমন একটি ছবি ব্যবহার করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নেই। মূলত ট্রাম্প এবং ইনফান্তিনো মঞ্চ থেকে নেমে যাওয়ার কয়েক সেকেন্ড পর সেই ছবিটি তোলা হয়েছিল। পুরো অনুষ্ঠানজুড়ে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিয়ে মাঠের ভেতরে ও বাইরে এক ধরণের কূটনৈতিক অস্বস্তি লক্ষ্য করা গেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের গোলরক্ষক উনাই সিমনসহ বেশ কয়েকজন খেলোয়াড় ট্রাম্পের সাথে হাত মেলাতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ট্রাম্প নাছোড়বান্দার মতো শিরোপা উঁচিয়ে ধরার সময় ফ্রেমের একদম মাঝখানে থাকার চেষ্টা করেন। শেষ পর্যন্ত রদ্রির কৌশলী অবস্থানের কারণে ট্রাম্প কিছুটা একপাশে সরে যেতে বাধ্য হন।
উল্লেখ্য, গত বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার সময়ও চেলসি অধিনায়ক রিস জেমসের পাশে ছবির একদম মাঝখানে দাঁড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। এবার অবশ্য স্প্যানিশ ফুটবলাররা স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সাথে উদযাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আজ বিকেলে মাদ্রিদে রাজা নিজে বিশ্বজয়ী বীরদের অভ্যর্থনা জানাবেন।
এদিকে, স্পেনের জয়ের উল্লাসের বিপরীতে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে স্প্যানিশ মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, স্পেন যখন ট্রফি নিয়ে নাচছিল, তখন আর্জেন্টিনার খেলোয়াড়রা চ্যাম্পিয়নদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে ছিলেন। এমনকি স্প্যানিশ খেলোয়াড়রা রানার্স-আপ আর্জেন্টিনার জন্য ‘গার্ড অফ অনার’ দিলেও মেসিরা তার কোনো সৌজন্য প্রদর্শন করেননি।
রিপোর্টার্স২৪/ধ্রুব