রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের দায়িত্ব। এই জুলাই-আগস্ট মাসে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা ১ জুলাই থেকে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছি, যা ধারাবাহিকভাবে পালন করা হবে। যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন আমাদের ঐতিহাসিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে জনগণকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ করতে কাজ করছেন।’
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব জাতির গর্ব, এবং এর প্রথম বর্ষপূর্তি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করব। আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।
রিজভী দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমেছে, যার কারণে জনগণের জীবনযাত্রায় প্রভাব পড়েছে। মব কালচার ও সামাজিক অস্থিরতা থেকে উত্তরণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।’
তিনি আরও উল্লেখ করেন, গতকাল অগণতান্ত্রিক সরকার দেশের অর্থ সম্পদ লোপাট করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত করেছে। নির্বাচন কমিশন ও মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণ আশা করছে ড. ইউনূস তাদের প্রত্যাশা পূরণ করবেন। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য শীর্ষ নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১ জুলাই ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম