| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেডিকেল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ২২:৩০:৩৮:অপরাহ্ন  |  ৫৬৭ বার পঠিত
মেডিকেল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: ধর্ষণ, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের ক্রিকেটার অভিষেক পোড়েল। মেডিকেলপড়ুয়া এক শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ অভিষেক পোড়েল সর্বশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের সতীর্থও ছিলেন। অভিষেক নিজেও বাঙালি। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে উত্তর ২৪ পরগনার দমদম এলাকা থেকে অভিষেককে আটক করে পুলিশ। পরে তাকে হুগলিতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর ২৩ বছর বয়সী এই ব্যাটারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার শারীরিক পরীক্ষা করা হয় এবং তাকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়।

অভিষেকের বিরুদ্ধে কী অভিযোগ?

অভিযোগকারী মেডিকেলপড়ুয়া ছাত্রীর দাবি, ২০২৩ সালে অভিষেক পোড়েলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে বিদেশেও ভ্রমণ করেছেন। অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি ওই তরুণীর। তবে গত বছর দুজনের সম্পর্কে টানাপোড়েন হয়। একপর্যায়ে অভিষেক সম্পর্কের কথা অস্বীকার করেন এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপরই ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন।

দিল্লিতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

অভিযোগকারী আরো দাবি করেছেন, এ বছরের ২ এপ্রিল দিল্লিতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং আটকে রাখা হয়। ওই সময় তাকে খাবারও দেওয়া হয়নি। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পরে চিকিৎসা নিতে হয়। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

থানায় অভিযোগের পরও অভিষেককে পাওয়া যায়নি

নর্থইস্ট লাইভের প্রতিবেদন অনুযায়ী, ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই মেডিকেলপড়ুয়া ছাত্রী। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিকবার তল্লাশিও চালানো হয়। তবে তখন তাকে পাওয়া যায়নি। পরে ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট

মামলাটি কলকাতা হাইকোর্টে যাওয়ার পর ২০ জুলাই পুলিশকে অভিষেক পোড়েলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর পুলিশ আরো সক্রিয়ভাবে অভিষেককে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত গতকাল রাতে দমদম এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে হুগলিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়।

কোন কোন অভিযোগে মামলা?

অভিষেক পোড়েলের বিরুদ্ধে ভারতের একাধিক আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণ, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তি আইনেও মামলা হয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। তবে মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্তাধীন। তাই আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিষেক পোড়েলকে দোষী বলা যাবে না।

অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক

অভিষেক পোড়েল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন, ‘এখন আমি ভালো খেলছি। তাই এমন নানা কথা উঠে আসছে।’

কে এই অভিষেক পোড়েল?

অভিষেক পোড়েল ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। তিনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেন। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।

২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পোড়েল। সর্বশেষ মৌসুমে দলটির হয়ে চার ইনিংসে ১০৮ রান করেছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ২০২৩ ও ২০২৫ মৌসুমে সতীর্থ হিসেবেও পেয়েছেন। 

তবে গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এখন অভিষেক পোড়েলের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪