| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৩:১৪:০৭:অপরাহ্ন  |  ২৬৮১ বার পঠিত
ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ আলোচনায় রয়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি এই তরুণ তারকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতারণার অভিযোগ। দাবি করা হয়, কলম্বিয়ায় ছুটি কাটানোর সময় ২১ বছর বয়সী প্রেমিকা ও স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোসের সঙ্গে প্রতারণা করেছেন ইয়ামাল।

তবে বিস্তারিত অনুসন্ধানে জানা গেছে, ইয়ামালের বিরুদ্ধে ছড়িয়ে পড়া এই অভিযোগের পেছনে কোনো সত্যতা নেই। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিসহ একাধিক তথ্য এআই দিয়ে তৈরি ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।

ঘটনার সূত্রপাত এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে। ছবিগুলোতে দেখা যায়, কলম্বিয়ার একটি প্রমোদতরীতে বিকিনি পরা এক নারীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন ইয়ামাল। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘মনে হচ্ছে কলম্বিয়াতে দারুণ সময় কাটাচ্ছেন লামিনে ইয়ামাল।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, নিজের দীর্ঘদিনের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই ফুটবলার।

কিন্তু ছবিগুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর দেখা যায়, এগুলো কোনো বাস্তব ছবি নয়। বরং অত্যন্ত নিখুঁতভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি। প্রথম দেখায় আসল মনে হলেও ছবিগুলো ছিল পুরোপুরি কৃত্রিম।

অন্যদিকে, ইয়ামালের প্রতারণার গুঞ্জন যে ভিত্তিহীন, তার পক্ষে আরও একটি তথ্য সামনে আসে। প্রমোদতরীতে অন্য এক নারীর সঙ্গে ইয়ামালের থাকার দাবি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই সময়ই একটি ব্যক্তিগত বিমান থেকে প্রেমিকা ইনেসের সঙ্গে একসঙ্গে নামতে দেখা যায় ইয়ামালকে। ফলে প্রতারণার অভিযোগ আরও প্রশ্নের মুখে পড়ে।

এআই দিয়ে তৈরি ছবিগুলো ভাইরাল হওয়ার পর নতুন করে আরেকটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ইনেস ইনস্টাগ্রামে ইয়ামালকে আনফলো করেছেন এবং দুজনের সম্পর্কেরও ইতি ঘটেছে।

তবে এক্সের আরেক ব্যবহারকারী ইনেসের প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করে দেখান, তিনি এখনো ইয়ামালকে অনুসরণ করছেন। ফলে বিচ্ছেদের দাবিটিও ভুয়া বলে প্রমাণিত হয়।

এরপর এক্সের একটি ফ্যান পেজ আরও একটি দাবি করে বসে। সেখানে বলা হয়, ইনেস তাঁর টিকটক অ্যাকাউন্টে ভিডিও বার্তার মাধ্যমে ইয়ামালের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। পোস্টটিতে দাবি করা হয়, ইয়ামাল নাকি বারবার অন্য মেয়েদের সঙ্গে কথা বলেন এবং একাধিকবার ইনেসের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতিবার ধরা পড়ার পর ক্ষমা চাইলেও তাঁর আচরণে কোনো পরিবর্তন না আসায় ইনেস সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

পরবর্তীতে জানা যায়, এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। ইনেস তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা কোনো সাক্ষাৎকারে ইয়ামালের বিরুদ্ধে এমন কোনো মন্তব্য করেননি। বরং তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট থেকে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে সতর্কও করেছেন তিনি।

২১ বছর বয়সী ইনেস গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাশন, স্কিনকেয়ার ও লাইফস্টাইল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেই ইয়ামালের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। দীর্ঘদিন কথাবার্তার পর একে অপরকে সময় দিয়ে ধীরে ধীরে সম্পর্কে জড়ান তাঁরা।

দীর্ঘদিন নিজের সম্পর্কের বিষয়টি গোপন রেখেছিলেন ইয়ামাল। তবে গত মে মাসে বার্সেলোনার মৌসুম শেষের নৈশভোজে প্রথমবারের মতো ইনেসকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি।

২০২৬ বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচেই ইয়ামালের ১৯ নম্বর জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থেকে তাঁকে সমর্থন জানিয়েছেন ইনেস। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জেতার পর মাঠে নেমে ইয়ামালের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরে উদযাপনেও অংশ নেন তিনি।

ফলে ইয়ামালের প্রেমিকার সঙ্গে প্রতারণার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ভাইরাল হওয়া এআই-নির্মিত ছবি ও ভুয়া পোস্টের ওপর ভিত্তি করেই পুরো গুঞ্জনের জন্ম বলে উঠে এসেছে।

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ইয়ামালের মতো তরুণ ক্রীড়া তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়া তথ্য ও ছবি তৈরি এবং তা দ্রুত ছড়িয়ে পড়া আধুনিক ক্রীড়া বিশ্বের জন্য নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪