| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৪:১৬:২৮:অপরাহ্ন  |  ২৯৮ বার পঠিত
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষ কর্মকর্তাদের সক্ষমতাকে কাজে লাগাতে চায় সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই সবাইকে নিয়ে দেশটাকে গঠন করতে। আমরা চাই, যারা সৎ ও দক্ষ অফিসার আছেন, তাদের আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে।’

রাজস্ব সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, তিনি এ সম্মেলনকে সাধারণ কোনো সম্মেলন হিসেবে দেখছেন না। কারণ এনবিআরের কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল।

তিনি আশা প্রকাশ করেন, এবারের সম্মেলন ভবিষ্যতে এনবিআরের কর্মকর্তাদের আরও বেশি সাফল্য অর্জনের পথনির্দেশনা দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের প্রভাব থেকে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি।

তিনি অভিযোগ করেন, নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ মনোভাব এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে এনবিআরের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছিল। এর ফলে প্রতিষ্ঠানটির ওপর মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর এখন সময় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। বিশেষ করে করদাতারা প্রতিষ্ঠানটিকে তাদের আস্থাভাজন হিসেবে প্রত্যাশা করে।

দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করদাতাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব কর্মকর্তাদেরই নিতে হবে। বর্তমান সরকার এনবিআরসহ দেশের সামগ্রিক রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল থাকার নীতির বিরোধিতা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে হবে। রাজস্ব আহরণে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আয়ের ক্ষেত্র ও উৎস সম্প্রসারণে সরকার গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে জানিয়ে তারেক রহমান বলেন, এর ফলে দেশে বিনিয়োগ বাড়বে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের প্রসার ঘটবে। মানুষের আয় বাড়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জনগণ আরও উন্নত সরকারি সেবা পাবে।

এসব লক্ষ্য বাস্তবায়নে এনবিআরের দক্ষ ও কার্যকর ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে রাজস্ব প্রশাসনকে আরও সক্ষম ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪