| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরে যা জানা গেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১২:১২:৪৮:অপরাহ্ন  |  ৮১৮৯ বার পঠিত
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরে যা জানা গেল
ছবির ক্যাপশন: রবার্তো কার্লোস

 স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হলেও কার্লোস নিজে বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি গণমাধ্যমেরর বরাতে গোল ডটকম জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে শাহাদাহ পাঠ করেন ৫৩ বছর বয়সী সাবেক এই তারকা।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করেন।

ওই পোস্টে আলিসাহিন, সাও পাওলোভিত্তিক ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার বরাত দিয়ে জানান, কার্লোসের সঙ্গে হামাদার দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং সেখানেই কার্লোস শাহাদাহ পাঠ করেন বলে দাবি করা হয়েছে।

তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। ফলে রবার্তো কার্লোস সত্যিই ইসলাম গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ইসলাম গ্রহণের গুঞ্জনের আগে রবার্তো কার্লোসের বিয়ের খবরও আলোচনায় আসে। মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী ও ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, তাদের বিয়ের বিষয়টি চলতি বছরের জানুয়ারিতে প্রথম প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পারিবারিকভাবে একটি ছোট আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রেই তাদের পরিচয় ও সম্পর্কের শুরু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ক্যারিয়ারের শেষ দিকে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলেছেন। সে কারণে তুরস্কের সংবাদমাধ্যমে তাকে ঘিরে সাম্প্রতিক খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

তবে তুর্কি সংসদ সদস্য ও কয়েকটি সংবাদমাধ্যমের দাবির পরও কার্লোস বা তার প্রতিনিধির পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: গোল ডটকম

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪