| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে ডিএনসির অভিযান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ১২:১০:৫২:অপরাহ্ন  |  ৭৪৮ বার পঠিত
রাজধানীর হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে ডিএনসির অভিযান

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পাঁচ তারকা হোটেল আমারি, কিংফিশার বার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া গেছে। অন্যদিকে, কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। বুধবার (১৪ অক্টোবর) অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।

হোটেল আমারিতে অভিযান চালিয়ে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিংফিশার বারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযান চলাকালে ব্লিজ আর্ট বারটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম সম্পর্কে বিস্তারিত যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে অভিযান পরিচালনাকারী দল।

ডিএনসি জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রাজিউর রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪