রিপোর্টার্স২৪ ডেস্ক: ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে বারোটার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।
গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন মারধরের শিকার শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮)। এটি নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়।
ভাইরাল ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে বয়স্ক ব্যক্তিটিকে চড়থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। খালিদ হাসান (৩৫) নামে এই যুবককেই আটক করেছে পুলিশ। খালিদ হাসান পেশায় প্রাইভেট কোম্পানির গ্রাফিকস ডিজাইনার।
এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘আজ সকালে তাকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রিপোর্টার্স২৪/ঝুম