| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২২:২৯:১৮:অপরাহ্ন  |  ৯২৭ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দুইদিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিবছর বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেকে প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের প্রাণহানি কমানো সম্ভব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফলতা অর্জন করেছে। একইভাবে সবাই এগিয়ে এলে দেশের অন্যান্য সমস্যারও সমাধান করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। ঘরের আনাচকানাচ, ছাদ, আশপাশের এলাকা ও রাস্তাঘাটে পড়ে থাকা পাত্রে পানি জমে থাকলে তা মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখা জরুরি।

তিনি জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই কোটি শিক্ষার্থী ছাড়াও বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এসব সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন।

তারেক রহমান বলেন, সরকার একা নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই সমস্যার সমাধান করতে চায়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।

দেশবাসীকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪