| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:৪৫:০৫:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়িটির মালিক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে। অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে প্রকাশিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিতে সরাসরি সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দিষ্ট শাখায় সংযুক্ত রাখা হলো। জনস্বার্থে জারি করা এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ এ অবস্থিত অতিরিক্ত ডিআইজি জহিরের মালিকানাধীন আড়াই তলার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বাসাবাড়ি স্বল্পমেয়াদে ভাড়ার বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ (Airbnb)-র মাধ্যমে সেখানে নিয়মিত ডিজে পার্টি, অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে রেড দেয় ডিবি।

উক্ত অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১ জন আফগান নাগরিকসহ মোট ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। একই সাথে বাড়িটির ভেতর থেকে উদ্ধার ও জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজাসহ মাদকসেবনের নানা সরঞ্জামাদি।

নিজের মালিকানাধীন বাসায় এমন বড় ধরনের ডিবি অভিযান এবং অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিষয নিয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সরাসরি বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪