রিপোর্টার্স২৪ ডেস্ক :
প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, সেক্ষেত্রে নির্বাচন হতে হবে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে।
রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে। যাদের এখনও বিচার হয়নি দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে। বিচারের সঙ্গ সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে।
আগে স্থানীয় নির্বাচন চাওয়ার দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, রেলগাড়ি চলে রেললাইন দিয়ে। রেললাইন যদি খারাপ হয়ে যায়, ইঞ্জিন কিন্তু আগে থাকে না- কিছু মালগাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাতে ইঞ্জিনের ওপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটার ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন যদি গোলমেলে হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে- সে জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে।
পাকিস্তানের সাথে যুদ্ধের সময় নিজের অধিকার, ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিলো, তা সফল হয়নি। যার ফলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয় যেতে হবে। বাংলাদেশে এযাবতকালে ভোটের অধিকার আসেনি। পতিত সরকারের দোসর যারা এখনও আছে, তাদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।
বাংলাদেশে সুশাসন কায়েম করতে হলে কুরআনের আইনে শাসন কায়েম করতে হবে বলেও মত দেন তিনি।
.
রিপোর্টার্স২৪/এস