রিপোর্টার্স২৪ ডেস্ক:
ইউরো ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে স্পেনকে ৩-১ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড নারী ফুটবল দল নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ছিল ১-১। স্পেন এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের পক্ষে সমতা ফেরান আলেসিয়া রুসো।
টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন ইংল্যান্ডের গোলকিপার হান্নাহ হাম্পটন ও বদলি ফরোয়ার্ড ক্লোই কেলি। শেষ শটটি জালে পাঠিয়ে ইংলিশদের শিরোপা নিশ্চিত করেন কেলি।
২৫তম মিনিটে ওনা বাতিয়ের অ্যাসিস্টে দুর্দান্ত হেডে স্পেনকে এগিয়ে দেন মারিওনা ক্যালদেন্তে। প্রথমার্ধের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন লরেন জেমস। তার বদলি হিসেবে নামা ক্লোই কেলির উপস্থিতিতেই ম্যাচে ছন্দ ফেরায় ইংল্যান্ড।
৫৭তম মিনিটে কেলির নিখুঁত ক্রসে হেড করেন আলেসিয়া রুসো, যার মাধ্যমে ম্যাচে সমতা ফিরে আসে। শেষ মুহূর্ত পর্যন্ত স্পেন আক্রমণ চালিয়ে গেলেও ইংলিশ রক্ষণ ও গোলরক্ষক হাম্পটন ছিলেন অটল। অতিরিক্ত সময়েও কোনো গোল না আসায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শুরুতেই ইংল্যান্ডের বাথ মিডের শট ঠেকান স্প্যানিশ গোলরক্ষক কাতা কোল। তবে হাম্পটনের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। তিনি রুখে দেন ক্যালদেন্তে ও আইতানা বোনমাতির শট।শেষ দিকে সালমা পারালুয়েলোর শট মিসের সুযোগে ম্যাচ জয়ের শেষ সুযোগ পান ক্লোই কেলি। তার ঠাণ্ডা মাথার শেষ শটেই নিশ্চিত হয় ইংলিশদের শিরোপা।
ইউরোপের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে দুটি ভিন্ন দেশের কোচ হয়ে ইউরো জয়ের কীর্তি গড়লেন সারিনা ভিগম্যান। এর আগে তিনি নেদারল্যান্ডসকে ইউরো শিরোপা জিতিয়েছিলেন। এবার ইংল্যান্ডকে এনে দিলেন দেশের বাইরে প্রথম বড় শিরোপার স্বাদ।
রিপোর্টার্স২৪/ ঝুম