শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মোঃ জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত রাইসা মনি'র গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে আসেন। এসময় প্রথমে তারা নিহত রাইসা মনি'র বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে রাইসা মনি'র কবরে গার্ড অব অনার প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান স্কোয়াড্রন লিডার মোঃ জিহাদুল ইসলাম বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেনীর ছাত্রী রাইসা মনি'র কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের গ্রামের বাড়িতে আসেন। নিহতের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়।
প্রসঙ্গত, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় রাইসা মনি নামে ফরিদপুরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার চারদিন পর শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন হয়।